সাতক্ষীরায় পুলিশের সাথে সংঘর্ষে শিবির কর্মী গুলিবিদ্ধ
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৬
সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখিপুরে আওয়ামী লীগ নেতা রায়হান হত্যা মামলার এজাহার নামীয় আসামি ও শিবির কর্মী মিলন বাবু সোহাগ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সখিপুর স্কুল মাঠে এ ঘটনাটি ঘটে। সে সখিপুর গ্রামের শাহাদাত গাজীর ছেলে। এ সময় শিবির কর্মীদের ককটেল হামলায় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। আহতরা হলেন কনস্টেবল সরোয়ার ও কনস্টেবল আকবর। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সগির আহমেদ জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর স্কুল মাঠে কয়েকজন শিবির কর্মী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ৫/৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে শিবির কর্মী মিলন বাবু সোহাগ আহত হয়। পরে তাকে আটক করে আহত আবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।