ইত্তেফাক রিপোর্ট
সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী এক তরুণী। এ ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে সাভারের হেমায়েতপুর আর্জেন্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক কাউছার ইসলাম শাহীনকে (৩০) গ্রেফতার করেছে। কাউছার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া চরখালী গ্রামের হাফেজ আব্দুস ছালামের ছেলে। সে হেমায়েতপুর আর্জেন্টপাড়া এলাকার আসলামের বাড়ির একটি ফ্ল্যাটে আলাদা কক্ষে ভাড়া থাকত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই ফ্ল্যাটের আলাদা কক্ষে থাকলেও ওই তরুণীর সাথে শাহীনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে সাত মাস ধরে শাহীন তাকে ধর্ষণ করে আসছিল। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই তরুণী। বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হলে তারা শাহীনকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু শাহীন বিয়েতে রাজি না সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, অভিযুক্ত ধর্ষক কাউছার ইসলাম শাহীনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।