সংবাদ কণিকা

শ্রীবরদীতে গ্রামীণ নারীদের ব্লক বাটিক প্রশিক্ষণ শেরপুর প্রতিনিধি\ গ্রামীণ বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে বৃহস্পতিবার ব্লক বাটিক সাতদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থান প্রকল্পের উদ্যোগে ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় উপজেলার মুন্সিপাড়ায় সাতদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠিত পল্লী সমাজের ৪০ জন নারীর মাঝে সনদ বিতরণ করা হয়। শ্যামনগরে হাট-বাজার কমিটির নির্বাচন সম্পন্ন শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা\ শ্যামনগরে নকিপুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ নন্দি সাগর সাধারণ সম্পাদক, রেজাউল করিম স্থায়ী সদস্য আর গঙ্গারাম ও মোনয়ারা খাতুন অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরে কেজি স্কুলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিশ্বনাথ নন্দি সাগর ২৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সুখাতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরীর সুখাতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আজাদ আলী, আবুল কাশেম, হবিবর রহমান, মুকুল সরকার প্রমুখ। মৌলভীবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে নবপ্রযুক্তির উন্মেষ, উন্নত করবে দেশ এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজারে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার তোফায়েল আহমদ, প্রধান শিক্ষক আব্দুস শহীদ প্রমুখ। মুন্সীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত মুন্সীগঞ্জ প্রতিনিধি \ বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জে ২ দিনব্যাপী ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিট্যাল উদ্বোধনী মেলা সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগরিকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ শাহেদুল কবীর, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর নূরুল আমিন হেলাল। চুয়েটে ছাত্রলীগের কর্মী সম্মেলন চুয়েট (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চুয়েটের ক্যান্টিন-১ এ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা ও বিরোধী দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘চুয়েট ছাত্রলীগের নেতা কর্মীরা দেশের জন্য আদর্শ হতে হবে। বটিয়াঘাটায় ছবি ভাংচুর : ১০৩ জনের বিরুদ্ধে মামলা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা নির্বাচনোত্তর সহিংসতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে ৮ দিনে ১০৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতার আতংকে রয়েছেন শত শত সাধারণ মানুষ। গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনের পর সুরখালী, ভান্ডারকোট ও বলিয়াডাঙ্গা ইউনিয়নে সহিংসতা শুরু হয়। শেরপুরে ছাত্র পিটানোর অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেনকে ছাত্র পিটানোর দায়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তাকে বরখাস্ত করেন। ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার বেনাপোল (যশোর) সংবাদদাতা \ ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের সময় সীমান্তবর্তী উপজেলা শার্শার কায়বা সীমান্ত থেকে বুধবার রাতে এক কিশোরীকে উদ্ধার ও পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিকনা গ্রামের কন্যা। ২৩ কায়বা বিজিবি ক্যাম্পের সুবেদার ফায়েকউদ্দিন জানান, বিল্লাল হোসেন নামে নারী পাচারকারী এক কিশোরীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা কায়বা সীমান্তে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। মেয়েটি পাচারের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় উফশী আউশ ও বোনা আউশ ধান চাষ বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২শ’ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বশিরউল্লা জরু। বিশেষ অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মো. কবির হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার বদরুল হক। কুমিল্লায় যুবমেলা উদ্বোধন কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় শুরু হয়েছে দু’দিনব্যাপী যুবমেলা। ‘যুবরাই লড়বে সোনার বাংলা গড়বে’- এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠে মেলা উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক অসিত কুমার মুকুট মনি। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আসাদুজ্জামান, চাঁদপুরের উপ-পরিচালক মো. মহসিন, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, আদর্শ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দুঃস্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন, আত্মকর্মী আয়েশা ছিদ্দিকা প্রমুখ। দোহারে সম্মানী ভাতা ঢেউটিন বিতরণ দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকা-দোহার উপজেলায় ৪৮৪ জন মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা, ৪৪১৬ জন বয়স্ক নারী-পুরুষের মাঝে বয়স্ক ভাতা এবং ২৭ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা-দুস্থ নারীর মাঝে ১ বান করে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূইয়া, দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া প্রমুখ গাইবান্ধায় তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। মেলায় রয়েছে ৬০টি স্টল। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এছাড়া এসময় মেলামঞ্চে বিষয়ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। জেলা প্রশাসক মো. এহছানে এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা.আহাদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম প্রমুখ। গোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ বেতন স্কেল বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষক সমিতি গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আব্দুল আলিম ও সাদেকুল ইসলাম। জামালপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল জামালপুর প্রতিনিধি \ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার জামালপুরে কালো পতাকা মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জেলা জজ আদালত চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট গোলাম নবী, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহান ও অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন। রাজবাড়ীতে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ রাজবাড়ী প্রতিনিধি \ সাংবাদিকতার অন্যতম পথিকৃত সদ্যপ্রয়াত এবিএম মুসার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয় ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে রাজবাড়ী সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তির সমন্বয়ে সমাজ ও মানুষ রক্ষার কাজ করে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক। সাঁথিয়ায় ভুয়া পরীক্ষার্থী ও নেশাগ্রস্ত যুবকের কারাদণ্ড সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার সাঁথিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ছন্দহ স্কুল এন্ড কলেজের ছাত্র মনিরুল ইসলামের পরিবর্তে তার বন্ধু আলমগীর (২০) ইংরেজি ২য় পত্র পরীক্ষা দেয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছর কারাদণ্ড দেন। সে সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও গনেশপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অপরদিকে কাশিনাথপুর গ্রামের হাশেম শেখের ছেলে রাজিব (২২) কাশিনাথপুর বাজারে নেশা জাতীয় দ্রব্য খেয়ে মাতলামি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকেও ১ মাসের কারাদণ্ড দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শেহেলী লায়লা এ আদেশ দেন। সুন্দরগঞ্জে গর্ভবতী পশু জবাই করায় কসাইয়ের ১৫ দিনের জেল সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌর শহর বাজারে বৃহস্পতিবার গর্ভবতী গরু জবাই করার অপরাধে শহিদুল ইসলাম ও শাহা আলম নামের ২ কসাইয়ের ১৫ দিন করে জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ। উপজেলা প্রাণীসম্পদ অফিসার শহিদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জবাইকৃত গৃহপালিত পশুর ভিতর থেকে বাছুরের ভ্রূণসহ ২ কসাইকে হাতেনাতে আটক করেন ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ওই দণ্ডাদেশ প্রদান করেন। এদিকে জব্দকৃত মাংস প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা মাটির নিচে পুঁতে ফেলে। রূপগঞ্জে দুই লাখ জাল টাকাসহ আটক ২ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২লাখ জাল টাকাসহ বৃহস্পতিবার ২জনকে আটক করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ২লাখ ২৭ হাজার টাকা ও তিনটি মোবাইল সেট জব্দ করেছে। উপজেলার ভুলতা হারভেস্ট রীচ গার্মেন্টস এলাকার পুলিশ চেকপোস্ট থেকে জাল টাকাসহ কুমিল্লার নুরপুর এলাকার মৃত মফিজুর মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮) ও একই জেলার সাহাপুর এলাকার মোছলেম মিয়ার ছেলে দুলাল মিয়াকে (৩৯) আটক করা হয়। পাংশায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থি সদস্য গ্রেপ্তার রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ীর পাংশার দক্ষিণাঞ্চের ত্রাস অমল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বর্তমান তুহিন বাহিনীর প্রধান তুহিনকে অস্ত্র গুলিসহ পুলিশ শুক্রবার পুলিশ গ্রেপ্তার করেছে। তুহিন উপজেলার কসবামাজাইল ইউপির শান্তিখোলা গ্রামের আমদ আলী বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে পাংশা থানায় ৩ টি হত্যা ২টি অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। কাহালুতে কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ কাহালু (বগুড়া) সংবাদদাতা \ খরিপ ২০১৪-১৫ মৌসুমে বগুড়ার কাহালু উপজেলায় আউশ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে গতকাল শুক্রবার উপজেলা কৃষি অফিস থেকে কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। এ সময় কাহালু উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ঝরনা বেগমসহ উপজেলার অনেক কৃষক উপস্থিত ছিলেন। বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রটেকশন এন্ড এনফোর্সমেন্ট অব ওমেন রাইটস প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউএনএফপি-এর অর্থায়নে ও বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নে থানা চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন। কালিয়াকৈরে কৃষক প্রশিক্ষণ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরের আয়োজনে ও ভার্সিটি সার্কেল কালিয়াকৈর-সহায়তায় উপজেলার ১২০ জন প্রান্তিক ও প্রতিবন্ধী কৃষককে ২ দিনব্যাপী ফল ও সবজির ক্ষতিকারক পোকা-মাকড় ব্যবস্থাপনায় কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়। সৈয়দ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে শুক্রবার সকালে ভার্সিটি সার্কেলের কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএআরআই-এর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নূরুল আলম, ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা, কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানী ড. দেবাশীষ সরকার, মি. নির্মল কুমার দত্ত, ড. মো. আরিফুর রহমান। কচুয়ায় হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি বিতরণ কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে গতকাল শুক্রবার শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক মো. মহিউদ্দীন মানিক এর সভাপতিত্বে ও সংসদের নিয়ন্ত্রক যোবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বরুড়ার অলীতলা দরবার শরীফের পীর শাহ্সূফি আলহাজ্ব গোলাম মোহাম্মদ মহিউদ্দীন লতিফী। দাউদকান্দিতে দুই বখাটের কারাদণ্ড দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ দাউদকান্দিতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে গতকাল শুক্রবার কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে। কারাদণ্ড প্রাপ্তরা হলো উপজেলার সুন্দুলপুর গ্রামের হুমায়ন আহমেদের ছেলে কাউসার আহমেদ (২৩) ও একই গ্রামের আবদুল মালেকের ছেলে আমিনুল ইসলাম (২২)। জীবননগরে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনে পুনঃনির্বাচিত সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকিকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা মীর মাহতাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ হাজী আলী আজগার টগর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, নিজামউদ্দীন ও সামসুল আলম সাত্তার। কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০১৪-১৫ মৌসুমে আউশ আবাদ প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন। রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ রাবি সংবাদদাতা \ বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে মন্তব্য, লন্ডনে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহ-সভাপতি রানা চৌধুরী, রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদে বিক্ষোভ চট্টগ্রাম অফিস \ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া বাতিলের দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নার্স ও কর্মচারীরা। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল জনগণের সম্পদ। উন্নত চিকিত্সা ও গবেষণার নামে চট্টগ্রামের ৫ কোটি মানুষের একমাত্র হাসপাতালকে বাণিজ্যিক হাসপাতালে পরিণত করে মুষ্টিমেয় মানুষের স্বার্থে গরীব সাধারণ মানুষ বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিত্সার অধিকার থেকে বঞ্চিত হবে।