মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হিরন

বঙ্গবন্ধু উদ্যানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সাবেক মেয়র ও সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের সর্বশেষ জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় তার জানাজায় অংশ নিতে বঙ্গবন্ধু উদ্যানে হাজার হাজার মানুষের ঢল নামে। মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা) জামায়াত, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেনি-পেশার মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা নামাজের আগে পরিবারের পক্ষ থেকে তার ছেলে সাজিদ হোসেন রাফসান পিতার জন্য সকলের দোয়া কামনা করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি, জাপা’র সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, টিপু সুলতান এমপি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, সাবেক সিটি মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন (বীর বিক্রম), সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম, জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর জামায়াতের আমির মুয়াযযম হোসাইন হেলাল, বিভাগীয় কমিশনার মোঃ গাউস, জেলা প্রশাসক শহিদুল আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুনর রশিদ খান, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শিক্ষাবিদ প্রফেসর হানিফ, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জেলার সকল উপজেলা চেয়ারম্যান ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জানাজা নামাজে শরিক হন। এতে ইমামতি করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ। শওকত হোসেন হিরনের লাশ গতকাল সকাল ১০টায় নগর ভবনে নিয়ে যাওয়া হলে সেখানে সিটি মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে তার লাশ নিয়ে আসলে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। আজ শনিবার বাদ আছর নগরীর নুরিয়া স্কুল প্রাঙ্গণে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন শওকত হোসেন হিরন। ঐ দিনই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।