বান্দরবান প্রতিনিধি
সদর উপজেলার সদর ইউনিয়নের উজিপাড়া খামার বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা বুধবার রাত সাড়ে নয়টার দিকে চথোয়াই মং মারমা নামে আওয়ামী লীগের এক নেতাকে অপহরণ করেছে। তাকে উদ্ধারে সেনাবাহিনী-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্ভাব্য স্থানগুলোতে অভিযানে নেমেছে। তবে আওয়ামী লীগের পৌরশাখা কমিটির সহ-সভাপতি চথোয়াই মং মারমার এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, চথোয়াই মং মারমার মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তারা। চথোয়াই মং মারমা বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, অস্ত্রের মুখে অপহূত আওয়ামী লীগ নেতার সন্ধান এখনো পাওয়া যায়নি। অপহরণের ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। অপহূতকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।