ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র ধর্মঘট

আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ শনিবার ও আগামীকাল রবিবার ধর্মঘট পালিত হবে বলে ছাত্রদলের নেতা-কর্মীরা জানিয়েছেন। এর আগে ছাত্রদল আটক নেতা-কর্মীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। গত ৮ এপ্রিল আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ, ১২ ও ১৩ এপ্রিল ধর্মঘট পালনের ঘোষণা দেয় তারা। আটক নেতা-কর্মীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করায় তারা ফের ধর্মঘটের ডাক দিল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আজ থেকে ধর্মঘট পালন ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি। প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়ও দিয়েছিলাম প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় ফের ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।’ ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘আটক ছাত্রদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু করণীয় রয়েছে তা করার জন্য আমরা চেষ্টা করছি।’ ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানো মামলায় গত ১০ জানুয়ারি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমান ও ২৯ জানুয়ারি সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে কুষ্টিয়া শহর থেকে আটক করে পুলিশ। তারা কুষ্টিয়া কারাগারে রয়েছেন।