তিনি সব প্রার্থীর কাছে মূল্যবান ভোটার

তার ৩৯ জন স্ত্রী এবং ১২৭ জন ছেলেমেয়ে ও নাতি-নাতনি। এক পরিবারে দেড় শতাধিক ভোটার! এমন ভোটার তো যে কোনো প্রার্থীর কাছে অতি মূল্যবান। ভোট এগিয়ে এলে তার কদর দেখে কে! তাকে রাজি করাতে পারলে বউ ছেলেমেয়ে নাতি নাতনিসহ পরিবারের সব ভোট বাগানো যাবে। একারণেই সাধারণ প্রার্থী থেকে শুরু করে ভিআইপি প্রার্থীরা পর্যন্ত তার বাড়িতে হানা দেন। কাকুতি মিনতি করে ভোটগুলো নিজ নিজ পক্ষে টানার চেষ্টা করেন। তার নাম জিওনংহাকা চানা। তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের একটি এলাকার গোত্র প্রধান। ভোট প্রার্থী রাজনীতিকরা গত কয়েক দিন ধরে তার কাছে ধর্ণা দিচ্ছিলেন। রাজধানী আইজলের বাইরে বকটং গ্রামের পাহাড়ে একশ’ কক্ষের বাড়ী থেকে চানা একটি বার্তা সংস্থাকে এ কথা জানান। এ সপ্তাহের গোড়ার দিকে ৭০ বছর বয়সী চানা বলেছিলেন, এ রাজ্যের ভোটে জয়ের ব্যবধান খুব কম হওয়ায় প্রতিটি নির্বাচনে আমাদের গুরুত্ব বেড়ে যায়। ভারতের চলতি নয় পর্বের লোকসভা নির্বাচনে গতকাল শুক্রবার চতুর্থ পর্বে মিজোরামের মাত্র একটি আসনে ভোট গ্রহণ করা হয়। চানার এক স্ত্রী রিঙ্কমিনি বলেন, আমরা ভোট দিতে গেলে সবাই একই প্রার্থী বা দলের পক্ষে ভোট দিই। এর মানে একটি মাত্র পরিবার থেকে একশ’ ষাটের বেশি ভোট নিশ্চিত হয়। আর দশজন ভোটারের মতোই চানা বলেন, ‘রাজনীতিকদের কাছ থেকে আমরা সকলেই আমাদের পরিবারে স্বার্থের পরিবর্তে সুশাসন ও রাজ্যের কল্যাণ প্রত্যাশা করি।’