মিজোরামের স্থগিত আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:৪৬
গতকাল শুক্রবার ভারতের মিজোরাম রাজ্যের মাত্র একটি আসনে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একটি আসনে বিধান সভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে। মিজোরাম লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি, আম আদমি পার্টি ও ৮ দলীয় মোর্চা ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে ত্রি-মুখী লড়াই হচ্ছে। খবর এএফপির।
কংগ্রেসের হয়ে লড়ছেন বর্তমান এমপি সিএল রুয়ালা, ইউডিএফ প্রার্থী হলেন রবার্ট রোমাওয়াইয়াতে এবং আম আদমি মাইকেল লালমান জুয়ালা। এই আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ২ হাজার ১৮৯ জন। এদের মধ্যে নারী ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৯শ’ ৫৪ জন। ১ হাজার ১২৬টি নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।
এ আসনে প্রথম ৯ তারিখ ভোট হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন ত্রিপুরায় আশ্রয় নেয়া ব্রু শরণার্থীদের নির্বাচনে মিজোরামের পরিবর্তে ত্রিপুরায় ভোট দেয়ার অনুমতি দেয়ার প্রতিবাদে সুশীল সমাজের কিছু সংগঠন ৭২ ঘণ্টা বন্ধ ডাকায় নির্বাচন ১১ এপ্রিল পিছিয়ে দেয়া হয়।