রাজধানীতে সিআরপি হাসপাতালে আগুন

রাজধানীর মিরপুরের সিআরপি (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) হাসপাতালে গতকাল শুক্রবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কেও কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিরপুর ১৪ নম্বর-এর সিআরপি হাসপাতাল ভবনের সাততলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যুক্ত হয়ে সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।