বিশেষ প্রতিনিধি
আসন্ন দুর্যোগপূর্ণ মওসুমের শুরুতে দেশের দুর্যোগ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমূহের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণে একটি দুর্যোগ বিষয়ক মহড়া গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের উখিয়ায় ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ক্যাম্প’ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, সেনাসদরের ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তাবৃন্দ ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ও জিওসি ১০ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরীসহ অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্থানীয় জেলা ও উপজেলাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করে।