সরকার ও আওয়ামী লীগ আমাদের বন্ধু
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:৫৩
সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ‘দুশমন’ নয় বরং নিজেদের ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী মাঠে দুই দিনব্যাপী রেসালাত সম্মেলনের প্রথম দিনে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটির আমির একথা বলেন বলে জানিয়েছে বিডিনিউজ।
আল্লামা শফী বলেন, হাসিনা সরকার, আওয়ামী লীগ আর ছাত্রলীগ বলেন, সবাই আমাদের বন্ধু। এদের সাথে আমাদের কোনো ‘আদাবত’ (বিরোধ) নাই। তিনি বলেন, কেউ যদি হাসিনা সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে আমাদের দুশমন বুঝে থাকেন তাহলে ভুল হবে। তিনি আরো বলেন, আমরা হাসিনা সরকারকে কোনো গালি দিইনি। এখানে হাসিনা সরকার আসতে না পারলেও আওয়ামী লীগের অনেক লোক এসেছে।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, সন্মেলনে আল্লামা শাহ্ আহমদ শফী আরো বলেছেন, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিনি। কাউকে ক্ষমতায় আনা কিংবা ক্ষমতা চ্যুত করা আমাদের কাজ নয়, উদ্দেশ্যও নয়। তবে মিডিয়া, সাংস্কৃতিক অঙ্গন কিংবা সমাজে উগ্র নাস্তিকদের অপতত্পরতা দেশের ইমানদার জনগণ বরদাশত করবে না। হেফাজতে ইসলাম নাস্তিকবাদী অপশক্তির বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়ে যাবে। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা মোস্তাফা আল হুসাইনি, মাওলানা জুনাইদ আল হাবীব প্রমুখ।