এবার হিলারিকে জুতা নিক্ষেপ
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৪, ২২:৫৬
জর্জ বুশের পর এবার নিজ দেশে সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক নারী। তবে মাথা সরিয়ে নেওয়ায় জুতা হিলারি শরীরে লাগেনি। পরে নিরাপত্তা কর্মকর্তারা ওই নারীকে তাদের হেফাজতে নিয়ে যান। দেশটির লাস ভেগাসের মান্দালে বে হোটেল ক্যাসিনোয় ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব স্ক্র্যাপ রিসাইকিলিং ইন্ডাস্ট্রিজ’র এক সম্মেলনে বক্তৃতার সময় এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও ইউএসএ টুডের।
জুতা নিক্ষেপের পরও হিলারি ক্লিনটন বিচলিত হননি। তিনি বরং রসিকতা করেন এবং পরে তার বক্তৃতা চালিয়ে যান। প্রতিষ্ঠানটির মুখপাত্র মার্ক কার্পেন্টার জানিয়েছেন, ওই নারী তাদের প্রতিষ্ঠানের কেউ নন। তবে তিনি কিংবা নিরাপত্তা বাহিনী ওই নারীর নাম প্রকাশ করেননি। এক বিবৃতিতে কার্পেন্টার জানান, প্রবেশের সময় ওই নারীকে বাধা দেওয়া হলেও তিনি একরকম জোর করেই প্রবেশ করেন। এরপর হিলারি ক্লিনটন যখন বক্তৃতা করছিলেন তখন তিনি মঞ্চের দিকে যাচ্ছিলেন। এসময়ও তাকে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাধা দিলেও তিনি উপেক্ষা করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘটনায় দু:খ প্রকাশ করা হয়। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোর সম্ভাবনা রয়েছে। এর আগে ২০০৮ সালে ইরাকে তত্কালীন প্রেসিডেন্ট জর্জ বুশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে এক যুবক।