আন্দোলন না করলে সবাইকে জেলে যেতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আন্দোলন না করলে দলের সবাইকে জেলে যেতে হবে। বাংলাদেশের এমন কোনো জেলখানা, হাসপাতাল ও আদালত নেই যেখানে বিএনপির নেতা-কর্মীরা নেই। এ অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে শুধু আলোচনা নয়, আন্দোলনে নামতে হবে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তর আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম খান বলেন, এ সরকারের আমলে সোহেলসহ বিএনপির কোনো নেতাই মুক্তি পাবেন না। বরং সবাইকে জেলে যেতে হবে। তাই খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে করতে হবে নতুন সরকার প্রতিষ্ঠা। তিনি আরো বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। আমাদের হতে হবে আরো সংগঠিত। আন্দোলন কাকে বলে বিএনপি তা মাঠে প্রমাণ করবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের (দক্ষিণ) আহ্বায়ক আলী রেজাউর রহমান রিপন প্রমুখ।