কুড়িয়ে পাওয়া ৪ লাখ টাকা মালিককে ফেরত দিলেন তিন সাংবাদিক

দোকানে চা খাওয়ার সময় চার লাখ টাকার একটি ব্যাগ পেয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিক। পরে তারা ব্যাগের মালিককে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে মালিককে খুঁজে পেয়ে ব্যাগের মালিককে সব টাকা বুঝিয়ে দেন ওই তিন সাংবাদিক। ঘটনাটি ঘটেছে বুধবার ইফতারের কিছু সময় পর। এত টাকা পেয়েও তিন সাংবাদিক সেগুলো ফেরত দেওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। বর্তমান সময়ে তিন সাংবাদিকের এমন সততা ও দায়িত্বশীলতা দেখে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসাও করছেন তাদের। সেই তিন সাংবাদিক হলেন—শমী ইব্রাহীম, রুবিনা ইয়াসমীন ও বিবি জোহরা। তিন জনই বেসরকারি টেলিভিশনের জি-টিভির সংবাদকর্মী বলে জানা গেছে।

সেগুনবাগিচায় জিটিভি কার্যালয়ের সামনের একটি দোকানে ওই তিন সাংবাদিক চা খেতে গিয়েছিলেন। ফেরত আসার সময় তাদের চোখে পড়ে টুলের পাশে একটা ছোট্ট ব্যাগ পড়ে আছে। তারা ব্যাগটি খুলে দেখেন তাতে প্রচুর টাকা। পরে তারা দোকানিকে বলে আসেন, কেউ ব্যাগের খোঁজে এলে অফিসে যোগাযোগ করতে বলা হয়। এরই মধ্যে ওই ব্যাগের মালিক দুই ভাই এসে হাজির হন। পরবর্তীতে তাদের চার লাখ টাকাসহ ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়।