চট্টগ্রামে কর্মী সমাবেশ করতে পারলেন না কাজী জাফর

জাতীয় পার্টির দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারণে চট্টগ্রামে কর্মী সমাবেশ করতে পারেননি কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। শুক্রবার বিকালে জাতীয় পার্টির দুই গ্রুপ নগরীর মুসলিম হলে সমাবেশ করতে চাইলে পুলিশ জাতীয় পার্টি (এরশাদ) ও জাতীয় পার্টি (কাজী জাফর) উভয় পক্ষকেই সেখান থেকে হটিয়ে দেয়। কাজী জাফর গ্রুপের নেতা-কর্মীরা জানান, মুসলিম ইন্সটিটিউট হলে তারাই প্রথম অনুমতি নিয়েছিলেন। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রামে হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির চট্টগ্রামের নেতা-কর্মীদের আচরণের তীব্র সমালোচনা করেন কাজী জাফর। সংবাদ সম্মেলন চলাকালে প্রেস ক্লাবের বাইরে অবস্থান নিয়ে কাজী জাফরের বিরুদ্ধে কটুক্তিমূলক শ্লোগান দেয় এরশাদের অনুসারী জাতীয় পার্টির নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে শুক্রবার বিকালে মুসলিম হলে কাজী জাফরের জাতীয় পার্টি সমাবেশ হওয়ার কথা ছিল। একই সময়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের ডাক দেয় হুসেইন মোহাম্মদ এরশাদের অনুসারীরা। কাছাকাছি স্থানে পাল্টাপাল্টি সমাবেশ হওয়ায় নগর পুলিশ কোনো পক্ষকেই অনুমতি দেয়নি। বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কাজী জাফর বলেন, দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। সংবাদ সম্মেলন থেকে আবু নাসের চৌধুরীকে সভাপতি ও কামাল উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে নগর কমিটি এবং ফেরদৌস চৌধুরীকে সভাপতি ও মৃদুল গুহকে সাধারণ সম্পাদক করে দলের দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করেন কাজী জাফর।