একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী, গবেষক ও স্বরলিপিকার খালিদ হোসেনকে কুষ্টিয়ায় তার মায়ের কবরেই চিরশায়িত করা হলো। তার ছেলে আসিফ জানিয়েছেন, বাবার শেষ ইচ্ছানুযায়ী এটা করা হয়েছে। তার আগে গতকাল সকালে শিল্পীর মরদেহ নেওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে। সেখানে ভক্ত শুভার্থী ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই গুণী শিল্পীকে। এসময় তারা বলেন, শিল্পী খালিদ হোসেন শুদ্ধ নজরুল সঙ্গীতের চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নাম ফিরোজা বেগম, সুধীন দাশের সঙ্গে উচ্চারিত হবে। ইসলামী গান হামদনাত পরিবেশনকে তিনি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরুল সঙ্গীত গবেষক ও কণ্ঠশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম শোক জানিয়েছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকবার্তায় দেশের সঙ্গীতাঙ্গন বিশেষত নজরুল সঙ্গীতে খালিদ হোসেনের অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে তার মৃত্যুতে সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন। ধানমন্ডির নজরুল ইন্সটিটিউটে শিল্পী খালিদ হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আরো শ্রদ্ধা জানান নজরুল ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন আহমেদ, কমল রডরিক্স, এম এ মান্নান, রওশন আরা সোমা, কবি রেজাউদ্দিন স্ট্যালিন প্রমুখ।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, তিনি নির্মোহ, নির্লোভ জীবনযাপন করেছেন। নজরুল সঙ্গীতেই সমর্পিত থেকেছেন। আধুনিক গান গাইতে পারতেন কিন্তু তা না করে সারাজীবন শুদ্ধ নজরুল সঙ্গীতের চর্চা করেছেন।
কবি রেজাউদ্দিন স্ট্যালিন বলেন, শিল্পী খালিদ হোসেন শুদ্ধ নজরুল সঙ্গীতের চর্চাকে ছড়িয়ে দিয়েছেন। আশা করি তার ছাত্রছাত্রীরা শুদ্ধ নজরুল সঙ্গীত চর্চাকে এগিয়ে নিয়ে যাবেন।
গত বুধবার রাতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী খালিদ হোসেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের তাজমহল রোডের বাইতুল আমান মিনা মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। পরে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে কুষ্টিয়া নিয়ে যাওয়া হয়।
জাতীয় পার্টি-জেপির শোক
একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ও গবেষক খালিদ হোসেনের ইন্তেকালে জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, শিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।