ঈদে ফাঁকা ঢাকা পাহারা দেবে পুলিশ

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীতে জনগণের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের ছুটিতে মানুষ যখন বাড়ি যাবে, তখন পুলিশ রাস্তায় থেকে ফাঁকা ঢাকা পাহারা দেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল বনানীতে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

ডিএমপির গুলশান ও উত্তরা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে ৩ হাজার ৫০০ পিস (শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক) ঈদবস্ত্র বিতরণ করা হয়।

ঈদবস্ত্র নিতে আসা সবার প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি প্রধান বলেন, মাদক আমাদের সবার শত্রু। দেশ, সমাজ ও পরিবারকে বাঁচাতে সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনার চারপাশে যদি কোনো মাদক বিক্রেতা থাকে, তাহলে পুলিশকে নির্ভয়ে তথ্য দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে। মাদকের ভয়াবহতা থেকে আপনার পরিবার ও সন্তানকে রক্ষা করুন। আমরা ঘোষণা দিয়েছি ঢাকা মহানগরে কোনো মাদকের ব্যবসা থাকবে না। ইতোমধ্যে আমরা সব মাদকের আখড়া ভেঙে সামাজিক প্রতিষ্ঠান, মক্তব, ডে-কেয়ার সেন্টার, কালচারাল সেন্টার তৈরি করে দিয়েছি। মাদক বিক্রেতা যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।