মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ও সচিব সমীপে একটি মানবিক আবেদন
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২১:৫৩
আমি ২০০১-০২ সালে যখন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ-পরিচালক পদে কর্মরত ছিলাম তখন আমি ও আমার অধস্তন কর্মকর্তাসহ মোট ৪ জনের বিরুদ্ধে টুঙ্গীপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের অর্থ আত্মসাতের দায়ে টুঙ্গীপাড়া থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তী সময়ে দুদকে (দুর্নীতিদমন কমিশন) স্থানান্তরিত হলে দীর্ঘ ৫ বছর ফরিদপুর বিশেষ আদালতে মামলা চলার পর ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে অভিযোগসহ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আমরা ৪ জনই বেকসুর খালাস পাই। দুদক এ মামলার বিষয়ে মহামান্য হাইকোর্টে আপিল করেন। আপিলেও মহামান্য আদালত ২০১২ সালের মামলাটি খারিজ করেন। ইতিমধ্যে আমি ২০০৬ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করায় সরকারি বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পেনশন গ্রাচুইটি প্রদানের জন্য মাননীয় সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর আবেদন করি। কিন্তু দুঃখের বিষয়, মহামান্য আদালত থেকে মামলাটি খারিজ হওয়ার পরও এ পর্যন্ত আমার পেনশন ও গ্রাচুইটি মঞ্জুর করা হয়নি। কর্তৃপক্ষের কাছে বছরের পর বছর, বার বার আকুতি-মিনতি করেও কোনো কাজ হয়নি, বিভিন্ন তদন্তের নামে শুধু কালক্ষেপণ করা হয়েছে মাত্র। আজ প্রায় দীর্ঘ ৮ বছর চাকরি থেকে অবসরগ্রহণ করায় এই দুর্মূল্যের বাজারে স্ত্রী, পুত্র ও কন্যা নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। সামান্য যা কিছু পৈতৃক জমিজমা ছিল তাও বিক্রি করে এখন আমি ঋণে জর্জরিত। অতএব, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে আশু সুরাহার জন্য মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ও মাননীয় সচিব মহোদয়ের কাছে আকুল আবেদন করছি।
মোহাঃ আশরাফ উদ্দিন মোল্লা,
উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত), সমাজকল্যাণ মন্ত্রণালয়