তানোরে খোলা আকাশের নিচে
৬টি আদিবাসী পরিবার
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২১:৫৪
তানোরে আদালতের নির্দেশে বসতবাড়ি গুড়িয়ে দেয়ায় খোলা আকাশের নিচে এক সপ্তাহ ধরে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন-যাপন করছেন উচ্ছেদকৃত ৬টি আদিবাসী পরিবার।
এ ঘটনায় বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদসহ কিছু সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করলেও তাদের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেনি প্রশাসন। ভুক্তভোগীরা জানান, ৬টি আদিবাসী মাহালি পরিবারের বসতবাড়ি ভেঙ্গে ফেলার আগে পুলিশের কাছে একদিনের সময় চেয়েছিলেন তারা। কিন্তু তাদের ওই সময়টুকু দেয়া হয়নি। চৈত্রের প্রচণ্ড তাপদাহ ও ঝড় বৃষ্টির মধ্যে তারা খোলা আকাশের নিচে বসবাসে বাধ্য হচ্ছেন।
উপজেলা প্রশাসন দুঃখ প্রকাশ করলেও রহস্যজনক নিরবতা পালন করছে। ফলে তারা দিশেহারা হয়ে ন্যায় বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।