পৌর অডিটরিয়াম নির্মাণ ১৪ বছরেও হয়নি

১৪ বছরেও চাঁদপুর পৌর অডিটরিয়ামের নির্মাণ কাজ করা সম্ভব হয়নি। ফলে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় সাহিত্য, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ২০০০ সালে স্থানীয় কোর্ট স্টেশন সংলগ্ন রেলওয়ে বালুর মাঠে এই পৌর অডিটরিয়াম নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করা হয়। নানা কারণে সেখানে আর ভবন নির্মাণ হয়নি। পরে কদমতলাস্থ চাঁদপুরের ঐতিহাসিক বেগম মসজিদের সম্মুখে পৌর অডিটরিয়াম ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমে গণপূর্ত বিভাগ দায়িত্ব নিয়ে কিছু কাজ করে। এর পরে নির্মাণের দায়িত্ব পড়ে চাঁদপুর পৌরসভার উপর। আর এর অর্থায়নের এবং তত্ত্বাবধায়নের দায়িত্ব ন্যস্ত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর। দীর্ঘ সময় ধরে শম্বুকগতিতে এর নির্মাণ কাজ চলতে থাকে এবং এ যাবত্ নির্মাণ কাজ শতকরা ৮৫ ভাগ শেষ হয়ে গেছে। এখন রং করা, বিদ্যুত্, পানি, গ্যাস সংযোগ, আসন বিন্যাস ও স্থাপন, সাউন্ট সিস্টেম স্থাপনসহ বিভিন্ন শৈল্পিক কারুকাজ বাকি রয়ে গেছে। এই ব্যাপারে পৌরসভা নির্বাহী প্রকৌশলী জানান, এই ভবনটি নির্মাণ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। এ যাবত্ ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এখনও প্রায় আড়াই কোটি টাকা প্রয়োজন। তবে তিনি আশা করেন চলতি বছরের মধ্যেই এটি চালু করা সম্ভব হবে।