ঠাকুরগাঁও সদর হাসপাতাল বিনামূল্যে জোটে না কিছুই
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২১:৫৫
মরিয়ম নেসা, বয়স তার আশি ছুঁই, ছুঁই। হাঁটুতে ব্যথা, চোখেও দেখেন না ভালো। মাঝে, মাঝে হঠাত্ জ্বর হয়। দেখার মত কেউই নেই তার। সরকারি হাসপাতালে ডাক্তার, ওষুধ সবই পাওয়া যায় বিনামূল্যে। তাই এসেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে বাস্তবতা ভিন্ন। বিনামূল্যে সেখানে কিছুই জোটে না। এখানে চিকিত্সার নামে একের পর এক প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালে কয়েক বছর ধরে রোগীরা চিকিত্সাসেবা ও নিয়মিত ওষুধ পাচ্ছে না। হয়রানি আর ভোগান্তি ছাড়া সদর হাসপাতালে কিছুই মিলছে না।
জেলার বিভিন্ন স্থান থেকে এ হাসপাতালে রোগীরা এসে ধাপে ধাপে প্রতারণার শিকার হচ্ছেন। দালালচক্রের খপ্পরে পড়ে হারাতে হচ্ছে অর্থ। হাসপাতালে ঢুকে ভর্তির জন্য, ওষুধের জন্য টাকা দিয়েও কিছুই মিলছে না।
ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম জানান, ‘হাসপাতালে রোগীর তুলনায় ডাক্তার খুব কম। ১৬ বছর আগে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু কখনোই ১০০ শয্যার জনবল নিয়োগ দেয়া হয়নি। বর্তমানে হাসপাতালটিতে ৫০ শয্যার জনবলও নেই। এতে চিকিত্সাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।