সৈয়দপুরে মেরামত হচ্ছে
সহিংসতায় পুড়ে যাওয়া কোচ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২১:৫৫
রাজনৈতিক সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে আগুনে পোড়া রেলওয়ের কোচগুলো দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত কাজ করে সেগুলো ব্যবহার উপযোগী করে তুলছেন। জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন সংলগ্ন মিটার গেজ লাইনে ৩ বছর আগে পোড়ানো ১৫টি কোচ ও ২০১৩ সালে রাজশাহীতে যাত্রীবাহী ট্রেনের ৭টি কোচ পুড়ে রাজনৈতিক সহিংসতায়।
এসকল কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে অবশেষে শুরু হয়েছে এসবের মেরামত কাজ। কারখানায় গিয়ে দেখা যায়, এইচআরসি শপে মিটার গেজের ৫৭ ফুটের একটি কোচ মেরামত প্রায় সম্পন্ন অবস্থায় পড়ে আছে। এছাড়া ক্যারেজ ও জিওএইচ শপে অন্য কোচগুলো মেরামতের অপেক্ষায় রয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ল্যাবরেটরীর মেশনিষ্ট হারুন-অর-রশিদ জানান, আগুনের তাপে সিট কভারসহ প্লেনসিট এবং ক্ষুদ্র যন্ত্রাংশ প্রায় নষ্ট হয়ে গেছে। এগুলো মেরামতের চেয়ে পরিবর্তন করাই ভালো। এছাড়া অনেক কোচের বগি পুরোটাই পাল্টাতে হচ্ছে। রেলওয়ের একটি সূত্র জানায়, রাজনৈতিক সহিংসতায় পোড়ানো এসব কোচের বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।