সুপেয় পানির সংকটে মোরেলগঞ্জ

শুষ্ক মৌসুমের শুরুতেই বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পৌর শহরসহ ১৬টি ইউনিয়নে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি টিউবওয়েলে আর্সেনিক উপস্থিতি ও মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে পানির সংকট আরো তীব্রতর হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, অত্র উপজেলায় মোট ৪ হাজার ২শ’ ৩০টি অগভীর নলকূপ রয়েছে। তার মধ্যে ৩ হাজার ৬শ’ ৪৩টি চালু রয়েছে। অকেজো রয়েছে ৫শ’৮৭টি। রৌদ্রের খরতাপে আর সুপেয় পানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ পুকুরের পানি শুকিয়ে গেছে। চাহিদামত বৃষ্টি দেখা না মেলায় এ সংকট তীব্রতর হচ্ছে। অপরদিকে নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিকের কারণে অধিকাংশ নলকূপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আর্সেনিক আতঙ্কে অনেকেই টিউবয়েলের পানি পান করছে না। সুপেয় পানির জন্য এলাকার মহিলা পুরুষদের ছুটতে হয় মাইলের পর মাইল। কসলি কাঁকে প্রত্যন্ত অঞ্চলের রাস্তা-ঘাটে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত মহিলাদের দীর্ঘ লাইন দেখা যায়। উপজেলা জনস্বাস্থ্য প্রকীেশলী জানান, জনবল সংকটের কারণে সুপেয় পানির সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন।