খুলনায় স্বাভাবিক জীবনযাত্রার দাবিতে ১৯ দলের স্মারকলিপি

উপজেলা নির্বাচনের পর খুলনার নয় উপজেলায় বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতা-কর্মীরা শাসকদল ও পুলিশি তাণ্ডবের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন এবং ক্রসফায়ারসহ জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। জীবন বাঁচাতে বিএনপিসহ ১৯ দলীয় জোটের হাজার হাজার নেতা-কর্মী এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে, চলমান সহিংসতার অবসান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেয়ার দাবিতে গত সোমবার দুপুরে ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ স্থানীয় জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীরা অভিযোগ করেন, নির্বাচনপূর্ব ও পরবর্তী জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া, দাকোপ, বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সরকারি দল সৃষ্ট সহিংসতার অভিযোগ অসংখ্যবার প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ১৯ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং উপজেলা নির্বাচনের মুখ্য সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এস.এম শফিকুল আলম মনা স্বাক্ষরিত স্মারকলিপি গ্রহণ করেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।