চাটমোহরের চড়ক পূজা ও মেলা আজ শুরু

পাবনার চাটমোহরের বিখ্যাত চড়ক পূজা ও মেলা শুরু হচ্ছে আজ। তিনদিন চলবে এই মেলা। এই পূজা ও মেলা এ অঞ্চলের মানুষের মধ্যে বিপুল উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি করে। চৈত্র সংক্রান্তির আগের দিন মরা বড়াল নদীর তীরের বোঁথড় গ্রামটি হয়ে ওঠে তীর্থ ক্ষেত্রের কেন্দ্রবিন্দু। সিন্ধু সভ্যতা থেকেই চাটমোহরের বোঁথড় গ্রামে চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। চাটমোহর পৌর শহরের বড়াল নদীর উত্তর পাড়ের বোঁথড় গ্রামটি নিয়ে রয়েছে নানা কাহিনী। চৈত্রমাসের শেষ সপ্তাহে উত্সবমুখর হয়ে ওঠে এই গ্রাম। দেশ-বিদেশের বহু মানুষ আসে এই মেলায়। নতুন পুরাতন সব জামাইকে আনতে হয় পূজা উপলক্ষে। গ্রামের প্রতিটি বাড়িতে থাকে স্বজন। সবমিলিয়ে উত্সবমুখর হয়ে ওঠে বোঁথড় গ্রামটি। বোঁথড়ের চড়ক পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় মন্দির কমিটিসহ প্রশাসন সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে।