লালমনিরহাটের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা গত শুক্রবার লালমনিরহাট শহরের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন কালীবাড়ী মন্দির ও মসজিদ পরিদর্শন করেন। তিনি একই স্থানে পাশাপাশি মসজিদ ও মন্দিরের অবস্থান এবং উভয় ধর্মের লোকদের শান্তিপূর্ণ সহঅবস্থানের মধ্যে নিজ নিজ ধর্ম পালনের দৃষ্টান্তে অভিভূত হন ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ১৮৩৬ সালের স্থাপিত কালীবাড়ী মন্দির ঘুরে ঘুরে দেখেন এবং একই সাথে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত কালীবাড়ী মসজিদ পরিদর্শন করেন। তিনি মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমামের সাথে মতবিনিময় করেন এবং তাদের বক্তব্য শোনেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালনের জন্য হিন্দু ও মুসলিম ধর্ম মতাবলম্বীদের ধন্যবাদ জানান। পরে তিনি লালমনিরহাট শহরের কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন ইউএসএআইডি’র বাংলাদেশের মিশন ডিরেক্টর জানিনা জারুজেলস্কি, পলিটিক্যাল অফিসার রায়ান পায়েন্ট, ইনফরমেশন অফিসার সৈয়দ মোহসিন, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানসহ অন্য কর্মকর্তাবৃন্দ।