রাজধানীতে ’মিনার মনসুরের প্রেমের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২৩:১৫
গতকাল শনিবার চৈত্রের শেষ বিকালে অনুষ্ঠিত হয়ে গেল কবি মিনার মনসুরের প্রেমের কবিতা আবৃত্তি, গান ও আলোচনা। রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডর্ন পাবলিকেশন।
অনুষ্ঠানে মিনার মনসুরের প্রেমের কবিতা আবৃত্তি করেন কবি আসাদ চৌধুরী, পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট কবি ও আবৃত্তিকাররা। মিনার মনসুরের কবিতার উপর আলোচনা করেন কবি ফারুক মাহমুদ, মোহন রায়হান, কামরুল হাসান, জিয়াউল হাসান কিসলু। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আসাদ চৌধুরী বলেন, সরল ভাষায় মিনার মনসুর তার কবিতায় ভালোবাসার, প্রেমের আকুতি-পরিণতির চিত্র তুলে ধরেছেন। তার কবিতায় রয়েছে আবেদন। রয়েছে প্রচলিত প্রথার প্রতি ধাক্কা দেয়ার প্রবণতাও। বাঙ্গালি পাঠকমনে তার লেখনী-কবিতা বেঁচে থাকবে দীর্ঘকাল। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ছায়া কর্মকার।