উল্টা পথে চললেই চাকা নষ্ট!

আর উল্টাপথে গাড়ি চালিয়ে ট্রাফিককে ফাঁকি দেয়া যাবে না। ট্রাফিক আইন অমান্য করে কেউ উল্টাপথে গাড়ি চালালেই সড়কের গতিরোধক স্বয়ংক্রিয়ভাবে গাড়ির চাকা নষ্ট করে দেবে। উল্টা পথে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করতে ঢাকা মহানগর পুলিশ নতুন এই ‘গতিরোধক ডিভাইস’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। ডিভাইসটি শিগগিরই ঢাকা মহানগর এলাকার প্রধান সড়কগুলোতে স্থাপন করা হবে বলে মহানগর পুলিশ জানিয়েছে। এই গতিরোধকের ব্যাপারে উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, সড়কে এ ডিভাইসটি স্থাপনের ফলে যদি কেউ ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টাপথে গাড়ি চালিয়ে আসেন, তাহলে সড়কে স্থাপিত ডিভাইসটি থেকে স্বংক্রিয়ভাবে বের হয়ে থাকা সুচালো স্টিলের কাঁটা গাড়ির চাকায় বিঁধে যাবে। এর ফলে গাড়িটির চাকা পাঙকচার হয়ে সেখানেই থেমে যাবে। তবে নিয়ম মেনে সঠিক পথে গাড়ি চালিয়ে আসলে গতিরোধকটির বের হয়ে থাকা স্টিলের কাঁটা সংক্রিয়ভাবে সড়কের ভেতর প্রবেশ করবে এবং সেটি গাড়ির চাকায় কোন প্রভাব ফেলবে না। মূলত চালকদের উল্টাপথে গাড়ি চালানো থেকে বিরত রাখতে মহানগর পুলিশ এ কার্যক্রম শুরু করছে। ডিএমপি ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েক বছর যাবত্ দেখা গেছে, প্রধান সড়কগুলোতে ট্রফিক সিগনাল থাকলে তাড়াহুড়ো করে অনেক চালক উল্টাপথে (রং সাইড) দিয়ে সড়ক অতিক্রম করার চেষ্টা করে। এ কারণে উল্টাপথের সামনের মোড়গুলোতে অনাকাঙ্ক্ষিত আরেকটি যানজটের সৃষ্টি হয়। এই যানজটের প্রভাবে ট্রাফিক সিগনালগুলোতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কর্মকর্তারা আরো জানান, রাজধানীর কোন কোন সড়কে চালকরা উল্টাপথে যান চালায় তার একটি তালিকা করা হয়েছে। তালিকা অনুয়ায়ী এ কার্যক্রম চালানো হবে। এ ডিভাইসটি ধোলাই খালের সোহেল মেটাল থেকে বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে। ডিভাইসটি উন্নতমানের প্লাস্টিক, স্প্রিং ও ধাতব কাটা দিয়ে তৈরি। প্রতিটি ডিভাইসের জন্য খরচ পড়বে ছয় লাখ টাকা। এরপর সেটা সড়কে স্থাপন করতে আরো টাকা খরচ হবে। চলতি মাসের ২৪ তারিখে রাজধানীর কাকরাইল মোড় থেকে এগিয়ে হেয়ার রোড সংলগ্ন সড়কে একটি ডিভাইস বসানো হচ্ছে। এরপর পর্যায়ক্রমে বেইলি রোড, শেরাটন হোটেল সংলগ্ন সড়ক, ফার্মগেট এলাকাসহ তালিকা অনুযায়ী সড়কগুলোতে ডিভাইসটি স্থাপন করা হবে।