আইসিডিডিআরবির খাবার স্যালাইন উত্পাদন বন্ধ

আইসিডিডিআরবি স্টাফ কোঅপারেটিভ সোসাইটির উত্পাদিত খাবার স্যালাইনের ব্যবহার বন্ধ করার জন্য এর হাসপাতাল এবং চিকিত্সা কেন্দ্রগুলোকে শনিবার নির্দেশ দিয়েছে আইসিডিডিআরবি। সম্প্রতি র্যাবের পরিচালিত মোবাইল কোর্ট জানতে পারে যে, এই স্যালাইন তৈরির জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি নেয়া হয়নি। মোবাইল কোর্ট ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে এটির অনুমতি নেয়ার নির্দেশ দেয়। এরপর আইসিডিডিআরবি এই অনুমতি না পাওয়া পর্যন্ত স্যালাইন উত্পাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আইসিডিডিআরবির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর জন ডি. ক্লেমেন্স বলেন, কোঅপারেটিভ সোসাইটির উত্পাদিত খাবার স্যালাইনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। তবে বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা নতুন সরবরাহকারীর কাছ থেকে খাবার স্যালাইন গ্রহণ করব। স্টাফ কোঅপারেটিভের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন বলেন, আমাদের কোঅপারেটিভ সোসাইটি সকল ধরনের খাবার স্যালাইনের উত্পাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে এবং আমরা রেজিস্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছি। আইসিডিডিআরবি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, এই অন্তর্বর্তীকালীন সময়ে রোগীদের সেবা প্রদান বাধাগ্রস্ত হবে না।