বর্ষবরণ দেখতে দশ বিদেশি সাংবাদিক ঢাকায়

দশজন বিদেশি সাংবাদিক আজ থেকে সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর করছেন। ইতিমধ্যে তারা ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিয়ানমারসহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের এই দশ সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়, প্রধান প্রধান দর্শনীয় স্থান পরিদর্শন, কয়েকটি গণমাধ্যম অফিস পরিদর্শন করবেন। বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও তাদের মতবিনিময়ের কর্মসূচী রয়েছে। আগামীকাল ভোরে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানমালায় যোগ দেবেন বিদেশি সাংবাদিকরা। সপ্তাহব্যাপী সফরে তারা দুইদিন কক্সবাজারে কাটাবেন বলে জানা যায়। সফররত বিদেশি সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক প্রেসিডেন্ট মিস রিতা পাইন, যুক্তরাষ্ট্রের দি ওয়াশিংটন ডিপ্লোমেটের প্রধান সম্পাদক ভিক্টর শিবলি, যুক্তরাজ্যের লেখক ও কলামিস্ট রেমন্ড ডেভিড হুই টেকার প্রমুখ। এছাড়া মিয়ানমার, মিশর, তুরস্ক, কাতার প্রথম শ্রেণীর কয়েকটি সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক রয়েছেন সাংবাদিক প্রতিনিধি দলে। পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় বিদেশি সাংবাদিকদের এই সফরের সকল আয়োজন করছে।