ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নির্বাচন কর্মকর্তাসহ নিহত ১৫

ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম পর্বের ভোটগ্রহণের মধ্যে ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় পুলিশ ও নির্বাচন কর্মকর্তাসহ ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন হচ্ছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ান। বাকিরা নির্বাচনী কর্মকর্তা ও বাসের স্টাফ। দু’টি পৃথক হামলায় তারা নিহত হন। আহত হন ২০ জনের বেশি। মাওবাদী বিদ্রোহীরা ল্যান্ডমাইনের সাহায্যে একটি বাস এবং একটি অ্যাম্বুলেন্স উড়িয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার দুপুরের দিকে পৃথক দুটি হামলা চালানো হয়। বৃহস্পতিবারের ভোটগ্রহণের পর সরঞ্জাম নিয়ে রাজ্যের বিজাপুর জেলা থেকে বিশেষ বাসে ফিরছিলেন ১২ কর্মকর্তা। মাওবাদীরা বাসটিতে হামলা করার জন্য এর গন্তব্যে ল্যান্ডমাইন পেতে রাখে। বাসটি ওই ল্যান্ডমাইনের উপর উঠে পড়লে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট ৯ কর্মকর্তা নিহত হন। অন্যরা আহত হন। এনডিটিভি বলছে, ওই হামলায় কমিশনের সাতজন, বাসের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর রাজ্যের বাস্তার জেলায় দ্বিতীয় হামলাটি হয় সিআরপিএফ পুলিশের ওপর। তাদের বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে স্থলমাইনের বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলে তাদের পাঁচ সদস্য নিহত হন। বৃহস্পতিবার লোকসভার বাস্তার আসনে ভোটগ্রহণের সময় মাওবাদীদের সঙ্গে সিআরপি পুলিশের বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনায়ও দুই পুলিশ আহত হয়েছিলেন। গতকালের ঘটনার পর মাওবাদী অধ্যুষিত অন্যান্য রাজ্যের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়।