প্রচারণায় ১০ হাজার কোটি রুপি খরচ করেছেন মোদী
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৪, ২৩:৩২
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণার জন্য ১০ হাজার কোটি রুপি খরচ করেছেন বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে নরেন্দ্র মোদী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, যে কোনো ধরনের সরকারি কিংবা বেসরকারি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত তিনি। এমনকি নির্বাচন কমিশন যদি এই অভিযোগের তদন্ত করে তবে তাদেরকেও সহযোগিতা করবেন বলে মোদী উল্লেখ করেন।
গুজরাট মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী তার বিরুদ্ধে এসব মিথ্যা প্রচার করছেন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে মোদী যে ১০ হাজার কোটি রুপি খরচ করেছেন তার ৯০ শতাংশ হচ্ছে ব্ল্যাকমানি। দুর্নীতির মাধ্যমে পাওয়া। দুর্নীতির মাধ্যমে পাওয়া অর্থ যিনি নির্বাচনী প্রচারণার কাজে ব্যয় করেন, তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশের কল্যাণ করতে পারেন না বলে কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। তবে মোদী বলেছেন, ১০ হাজার কোটি রুপি বিশাল সংখ্যা। তার পক্ষে এত বিপূল অর্থ ব্যয় করা অসম্ভব।