বরেন্দ্রের পোড়া মাটিতে হচ্ছে স্ট্রবেরির চাষ
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪৩
বরেন্দ্রের পোড়া মাটিতে এবার মাঠ জুড়ে চাষ হয়েছে বিদেশি সুস্বাদু ফল স্ট্রবেরি। লাভজনক এ ফল চাষে একদিকে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছেন তেমনি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। সাড়ে ৫ বিঘা জমি ইজারা নিয়ে বরেন্দ্রাঞ্চল খ্যাত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের কান্তপাসার মাঠে স্ট্রবেরির চাষ করেছেন মহিষবাথান এলাকার মনিরুল ইসলাম। বছর চারেক আগে শখেরবশে পবার নওহাটা এলাকায় স্ট্রবেরি চাষ করেছিলেন। সেইবার স্ট্রবেরির গাছ থেকে প্রচুর চারা উত্পাদন হয়। সেই চারা গাছ বিক্রি না হওয়ায় সিদ্ধান্ত নিলেন আবারো স্ট্রবেরি চাষের। সেই থেকেই মনিরুলের পথচলা। এখন তিনি বৃহত্তর রাজশাহীর একজন সফল স্ট্রবেরি চাষী। মনিরুল ইসলাম জানান, সাড়ে পাঁচ বিঘা জমিতে তার এখনো পর্যন্ত খরচ প্রায় পাঁচ লাখ টাকা। আর স্ট্রবেরি বিক্রি করেছেন প্রায় ১০ লাখ টাকার। প্রথমদিকে দাম বেশি ছিল। প্রতিকেজি ৭’শ টাকা। এখন কম। প্রতিকেজি ১৮০-২০০ টাকা। আগামী আরো দু’মাসে আরো অন্তত ৫ লাখ টাকার স্ট্রবেরি বিক্রির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম সাইফুল আলম বলেন, ‘প্রথমে যখন মনিরুল কৃষি বিভাগের পরামর্শ নিতে আসলেন, তখন ওই জমির মাটি পরীক্ষা করে তাকে স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ করা হয়। বরেন্দ্র অঞ্চলে এই ফল চাষে প্রথমেই ব্যাপক বিনিয়োগ হওয়ায় স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত তার বাগানের খোঁজ-খবর নেন এবং পরামর্শ দেন। আগামীতে আরো বেশি পরিমাণ জমিকে স্ট্রবেরি চাষের আওতায় আনার চেষ্টা করছে কৃষি বিভাগ।