ডায়রিয়া :প্রয়োজন সতর্কতা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৫০
বাংলাদেশে ডায়রিয়া একটি জনস্বাস্থ্য সমস্যা। সব বয়সী লোকই ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। তবে শিশুরা এতে বেশ আক্রান্ত হয়। এ রোগে শিশু ও বৃদ্ধরা তাড়াতাড়ি কাহিল হয়ে পড়ে। ডায়রিয়ার ফলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এর ফলে শিশুরা অপুষ্টিতে ভুগে নানা রোগ-ব্যাধির শিকার হয়। ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। ফলে শরীরে পানি স্বল্পতা দেখা দেয়। ডায়রিয়া খাদ্য ও পানি বাহিত একটি রোগ। খাদ্য ও পানির মাধ্যমে এ রোগ ছড়ায়। পত্র-পত্রিকার খবর অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকায় ডায়রিয়া আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। বর্তমান গরম মৌসুমে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়- এপ্রিল-মে মাস জুড়ে চলতে থাকে। প্রচণ্ড গরমে এ সময়ে পানি সংকট দেখা দেয়। অনেক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাই এ বিষয়ে সতর্কতার বিকল্প নেই। ডায়রিয়া প্রতিরোধে যা দরকার- গৃহস্থালি কাজসহ সব কাজে টিউবওয়েলের পানি ব্যবহার ও পান করতে হবে। টিউবওয়েলের পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। পচা-বাসি ও বাজারের খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। খাবার সব সময় ঢেকে রাখুন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুন। ডায়রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বার বার খাবার স্যালাইন খান। বেশি বেশি তরল জাতীয় খাবার খান। স্বাভাবিক খাবার চালিয়ে যান। দুগ্ধ পোষ্য শিশুদের মায়ের দুধ খাওয়ান। রোগীর অবস্থা বুঝে রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন। স্বাস্থ্য বিধিগুলো মেনে চলুন। ডায়রিয়া প্রতিরোধ করুন।
শ্যামল চৌধুরী, মোহনগঞ্জ, নেত্রকোনা