পাঁচ রাজ্যে ‘পদ্ম’ ফোটানোই বড় চ্যালেঞ্জ বিজেপির
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৫৯
ভারতের লোকসভা নির্বাচন ঘিরে উত্তর ও পশ্চিম ভারতে বইছে মোদী হাওয়া। তবে সাগরকূলের ৫ রাজ্যের নোনা হাওয়ায় পদ্মফুল (বিজেপির প তীক) ফোটানোই বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এর ওপরেই নির্ভর করবে দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট তথা নরেন্দ্র মোদীর দিল্লির মসনদ দৌড়ে সাফল্য পাওয়া না পাওয়া।
এই রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যগুলোতে রয়েছে ভারতের লোকসভার ৫৪৩-এর মধ্যে ১৬৪ টি আসন। ২০০৯ সালের সর্বশেষ নির্বাচনে এই ৫ রাজ্যে এনডিএ মাত্র তিনটি আসন পেয়েছিল। এর মধ্যে জোট শরিক গোর্খা জনমুক্তি মোর্চার সহায়তায় পশ্চিমবঙ্গে একটি আসন পায়। অন্ধ্রপ্রদেশে জোটসঙ্গী তেলেগু দেশম ২টি আসন পেলেও বিজেপি কিছুই পায়নি। কেরালা, তামিলনাড়ু এবং ওড়িশায় এন ডি এ কোনো আসন পায়নি। সারাদেশে এনডিএ পেয়েছিল ১৫৯ আসন (বিজেপি ১১৬)। ফলে বিজেপি সরকার গঠন করতে পারেনি।
এর আগে ২০০৪ সালে এই ৫ রাজ্যে এনডিএ ১৬৪ আসনের মধ্যে মাত্র ২৬টি পেয়েছিল। আর সারাদেশে পেয়েছিল ১৮৫ আসন (বিজেপি ১৩৮)। সেবারও সরকার গঠন হয়নি। তবে ১৯৯৯ সালের নির্বাচনে এই ৫ রাজ্যে এনডিএ ১৬৪ আসনের মধ্যে ৯৬টি পেয়েছিল। আর সারাদেশে পেয়েছিল ২৭০ আসন (বিজেপি একাই ১৮০)। যা সংখ্যাগরিষ্ঠতা থেকে ২টি কম। ফলে বিজেপি সরকার গঠন করেছিল সেবার।
এবার ২০১৪ সালে মোদী হাওয়া থাকলেও ভারত জুড়ে সঙ্গীহীনতায় ভুগছে বিজেপি। ছোটখাটো শরিক থাকলেও ক্ষমতাসীন বড় সঙ্গী কেউ নেই বললেই চলে। ১৯৯৯ সালে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় এনডিএ-র শরিকরা রাজ্যে ক্ষমতায় ছিল। এবারও কেরালায় সঙ্গী জোটেনি বিজেপির। বিজু জনতা দল মোদীকে সমর্থন করতে নারাজ। তাই বিজেপি এখানে একলাই লড়ছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বানার্জি মুসলিম ভোট বাঁচাতে বিজেপির ডাকে সাড়া দেননি। এখানে শুধু দার্জিলিং কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চাকে সঙ্গী পাওয়া গেছে। বাকি আসনে বিজেপি বেগ দিলেও ২/১টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা কম।
বিজেপির সমস্ত আশা, ভরসা এখন অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুকে ঘিরে। এখানে শাসক দল জয়ললিতার এআইডিএমকে মমতার দিকে ঝুঁকে রয়েছে। নির্বাচনের পর পরিস্থিতি অনুযায়ী ফেডারেল ফ্রন্ট গঠন করতে পারে তারা। বিরোধী করুণানিধির ডিএমকে কংগ্রেসের জোটে রয়েছে। বিজেপি সঙ্গে পেয়েছে পি এম কে, ডিএম ডিকে-র মত ছোটো ৬ দলকে।
অন্ধ্র্রপ্রদেশে বিজেপি জোটসঙ্গী হিসেবে পেয়েছে ক্ষয়িষ্ণু তেলেগু দেশমকে। অন্ধ্রপ্রদেশে বিরোধী দল হলেও রাজ্য ভাগের সুফল অনেকটাই পাবে শাসক কংগ্রেস এবং তার দুই সহযোগী ওয়াই এস আর কংগ্রেস, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। নির্বাচনের আগে জোটসঙ্গী পাওয়ায় বিজেপি-র এখানে কিছু আসন লাভের সম্ভাবনা রয়েছে।
ফলে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশই এখন বিজেপি তথা নরেন্দ্র মোদীর দিল্লির মসনদের দরজা খুলতে ভরসা। না হলে ভারতের বাকি ৩৭৯ আসনের মধ্যে ২৭২ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং সরকার গঠন বিজেপির অধরাই থেকে যেতে পারে।