রাজধানীতে প্রকাশ্যে গুলি ছুরিকাঘাত করে ১৬ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২২:৫৯
দুই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে প্রকাশ্য দিবালোকে গুলি ও ছুরিকাঘাত করে ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুরে সবুজবাগ ও তুরাগ এলাকায় ঘটনা দুইটি ঘটেছে। সবুজবাগে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন বিকাশ এজেন্ট এনামুল হক (৪০)। তুরাগে বিকাশ এজেন্টের মার্কেটিং কর্মকর্তা রানা মিয়াকে (২৫) কুপিয়ে জখম ও রুপা মিয়া (৫৫) নামে একজনকে গুলি করে সন্ত্রাসীরা।
দুপুর পৌনে দুইটার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় বিকাশের এজেন্ট এনামুল হককে ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত এনামুল জানান, তিনি বিকাশের জেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ডিষ্ট্রিবিউটর। বাসাবো কদমতলা এলাকায় অফিস। তিনি বিভিন্ন বিকাশ পয়েন্ট থেকে প্রায় ৮ লাখ টাকা তুলে রিকশায় করে অফিসে যাচ্ছিলেন। রিকশাটি কদমতলা এলাকায় অফিসের কাছাকাছি পৌঁছলে দুইটি মোটরসাইকেলে করে চার ছিনতাইকারী গতিরোধ করে। তারা অস্ত্র ঠেকিয়ে এনামুলের কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তার বুকে ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে এনামুলের সহকর্মী রফিকুল ইসলাম তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সবুজবাগ থানার ওসি মোহাম্মদ বাবুলমিয়া জানান, মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।
এদিকে তুরাগের নলভোগ এলাকায় একদল অস্ত্রধারী ছিনতাইকারী বিকাশ এজেন্টের মার্কেটিং কর্মকর্তা রানা মিয়াকে কুপিয়ে জখম করে ও রুপা মিয়া নামে একজনকে পায়ে গুলি করে প্রায় ৮ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত দুইজনকে উত্তরার ক্রিসেন্ট ও কার্ডিও কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। বেলা পৌনে ১২টার দিকে বিকাশ এজেন্ট রানা মিয়া নলভোগের হাতেম আলীর দোকান থেকে বের হয়ে পাশের আরেকটি দোকানে যাচ্ছিলেন। এসময় ২টি মোটরসাইকেলে করে অস্ত্রধারী ৬ ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায়। অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রানা বাধা দিলে তার বাম হাতে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি দেখে স্থানীয় ব্যবসায়ী রুপা মিয়া বাধা দিলে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছুঁড়লে ১টি গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়। টাকাভর্তি ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা তুরাগের কামারপাড়া এলাকার দিকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ রুপা মিয়াকে উত্তরার ১২নং সেক্টরস্থ কার্ডিও কেয়ার হাসপাতালে ভর্তি করে। বিকাশ এজেন্ট রানা মিয়াকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। আহত রানা উত্তরা ৭ নং সেক্টরস্থ নির্ভর এন্টারপ্রাইজ নামে বিকাশের একটি প্রতিষ্ঠানে মার্কেটিং কর্মকর্তা। গুলিবিদ্ধ রুপা মিয়ার স্বজনরা জানান, উত্তরা ১২ নং সেক্টরে কার্ডিও কেয়ার হাসপাতালে আনার পর ১ঘণ্টা অতিবাহিত হলেও কোন ডাক্তার পাওয়া যায়নি। অপারেশন থিয়েটারে নিয়ে ৩ জন নার্স তাকে ধরে নাড়াচাড়া করছিল। দেড় ঘণ্টা পরে একজন ডাক্তার আসেন।