নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ১৩৫
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৪, ২৩:০০
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১৩৫ জন নিহত হয়েছে। গত বুধবার থেকে এই হামলা চালানো হয়। ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। খবর বিবিসির।
বরনো রাজ্যের সিনেটর আহমেদ জান্নাহ জানিয়েছেন, পরপর তিনবার এই হামলা চালানো হয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছর এই জঙ্গিগোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৫শত নিহত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ওই অঞ্চলের একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও দুটি গ্রামে হামলা চালিয়ে এদের হত্যা করা হয়। হামলাকারীরা প্রথমে উত্তরপূর্বাঞ্চলীয় দিকবা শহরের একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজে হামলা চালায়। এখানে তারা পাঁচজনকে হত্যা করে ও কয়েকজন নারীকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার আগে হামলাকারীরা কলেজের পাঠাগারটি পুড়িয়ে দেয়। এরপর হামলাকারী জঙ্গিরা প্রতিবেশি দেশ ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন দুটি গ্রামে চড়াও হয়। এখানে তারা আরো ১শ’ ৩০ জনকে হত্যা করে। প্রাথমিকভাবে পাওয়া খবরে দুদিনের এই হামলায় ৭০ জন নিহত হওয়ার কথা জানা গিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।