চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট
ওদের উদ্ভাবনী মেলা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২০:০৮
তথ্যবিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানবসভ্যতা ধীরে ধীরে এগিয়ে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতিকে কাজে লাগিয়ে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। পিছিয়ে নেই বাংলাদেশও। আর এই অগ্রগতিকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন তথ্য প্রযুক্তির সঙ্গে ক্ষুদে ও তরুণ শিক্ষার্থীদের সখ্যতা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উদ্ভাবনীতে সক্রিয় হয়েছে স্কিলস কম্পিটিশনে। এতে ২৬টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।
প্রকল্প উদ্ভাবনীতে সক্রিয় হওয়া সম্ভাবনাময় এই তরুণ শিক্ষার্থীদের স্বপ্ন যেন আকাশ ছোঁয়া। দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার ভাবনা প্রতিনিয়ত তাড়িত করে তাদের। হয়তো সুযোগ হয়ে উঠে না বলেই তা প্রকাশ করা সম্ভব হয় না। অবশেষে যখন সুযোগ পেল তখন কি আর বসে থাকা যায়? নিজেদের মেধা ও শ্রম দিয়ে প্রজেক্টগুলো তৈরি করে নিজেদের উদ্ভাবনী চিন্তার ক্ষুরধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে শিক্ষার্থীরা। যার মধ্যদিয়ে তারা জানান দিয়েছে, সুযোগ পেলে তারাও পাল্টে দিতে পারে বিশ্বকে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের জন্য, বিশ্বের জন্য তারাও আবিষ্কার করতে পারেন নতুন কিছু। এমনই ২৬টি প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়েছিল উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনে শিক্ষার্থীরা। যা দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শনার্থীরা। ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক থেকে শুরু করে বাদ যায়নি পথচারিও। দর্শনার্থীরা প্রকল্পগুলো প্রদর্শন করেছেন আর বিস্ময় ভরা চোখে বিজ্ঞানীদের কাছে বর্ণনা শুনেছেন। ক্ষুদে বিজ্ঞানীরাও উত্সাহ নিয়েই প্রজেক্টের খুঁটিনাটি ব্যাখ্যা করেছেন দর্শনার্থীদের কাছে।
পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম, মোসাদ্দেকুল বারী। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ সালেহ আহমদ। বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদপত্র তুলে দেয়া হয়। আসন্ন জাতীয় পর্যায়ের প্রদর্শনীতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের উদ্ভাবিত ৩টি প্রকল্প প্রদর্শন করা হবে। এগুলো হচ্ছে মোবাইল সিকিউরিটি রোবট, স্বল্প খরচে মশা নিয়ন্ত্রণ এবং বর্জ্য পানি থেকে শিল্পের জন্য বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থা।