আবাসন খাতে বিনিয়োগে দীর্ঘমেয়াদী ঋণ দেয়ার দাবি

দেশের ক্রমবর্ধমান আবাসন খাতকে মধ্যবিত্তের নাগালের মধ্যে আনতে দীর্ঘমেয়াদে স্বল্প সূদে ঋণ দেয়ার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। রবিবার রাজধানীর একটি হোটেলে রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক সেমিনারে উদ্যোক্তারা এ দাবি জানান। সেমিনারে বক্তারা এ খাতের সম্ভাবনা কথা তুলে ধরার পাশাপাশি ফ্ল্যাটের দাম অনেক বেশি হওয়ায় তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে বলে মত দেন। এ খাতে বিনিয়োগকারী এবং ক্রেতার জন্য দীর্ঘমেয়াদী (২০ থেকে ২৫ বছরের জন্য) ঋণ সুবিধা দেয়ার লক্ষ্যে বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ার তাগিদ দেন। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। নিরাপদ এবং সম্ভাবনাময় বিনিয়োগ : বাংলাদেশের আবাসন খাত শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিহ্যাবের সেমিনার কমিটির চেয়ারম্যান শফিক রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, সোনালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান, রিহ্যাবের সহসভাপতি মেজর জেনারেল (অব) আব্দুর রশীদ, সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান প্রমুখ।