প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করতে সিসির পক্ষে ব্যাপক সমর্থন

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা নিশ্চিত করতে যে পরিমাণ সমর্থনের প্রয়োজন তার আটগুণ বেশি সমর্থন পেয়েছেন দেশটির সামরিক কমান্ডার আব্দেল ফাতাহ আল সিসি। তার পক্ষে দুই লাখ স্বাক্ষর গ্রহণ করার পর সেটি সোমবার নির্বাচন কমিশনে পাঠানো হয়। সিসির প্রচারণা দপ্তর থেকে একথা জানানো হয়েছে। সাবেক এ সামরিক প্রধানের আইন উপদেষ্টা জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে নিবন্ধন করতে সিসির সমর্থনে মোট ২৫ হাজার স্বাক্ষরের প্রয়োজন ছিল। কিন্তু তিনি তার আটগুণ অর্থাত্ দুই লাখ স্বাক্ষর যোগার করতে সক্ষম হয়েছেন। এই স্বাক্ষরযুক্ত পত্র ইতিমধ্যেই কমিশনে প্রেরণ করা হয়েছে। কায়রোয় সিসির প্রচারণা সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এটি হল জাতীয় সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী ২৬ এবং ২৭ মে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বামপন্থি রাজনীতিক হামদীন সাবাহিকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে।