আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আব্দুল্লাহ

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ যার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন আশরাফ ঘানি। ২৬ প্রদেশের ভোট গণনায় দেখা গেছে, আব্দুল্লাহ ৪১ দশমিক ৯ শতাংশে এবং ঘানি ৩৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। গত ৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৩৪টি প্রদেশে প্রায় ৭০ লাখ ভোট পড়েছিল বলে নির্বাচন কমিশনের খবরে জানানো হয়। আগামী ২৪ এপ্রিল নির্বাচনের প্রাথমিক পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হতে পারে। প্রথম ধাপে কোনো প্রার্থী পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না পেলে পরের মাসে দ্বিতীয় দফায় দুই সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন নতুন এলাকার ভোট গণনার সময় প্রধান দুই প্রার্থীর মধ্যে ভোটের হার প্রতিনিয়তই পরিবর্তিত হতে দেখা যাচ্ছে। ফলে বর্তমান ফলাফলটি যেকোনো সময় উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাবুলে বিবিসি’র প্রতিনিধি জানান, অনেক দুর্গম স্থান থেকে গাধার পিঠে বোঝাই ব্যালট বক্সগুলো এখনো কাবুলের পথে রয়েছে।