বিভিন্নস্থানে ৮ জনের লাশ উদ্ধার

দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। চাঁদপুরে শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে খেয়া নৌকা থেকে ডাকাতিয়া নদীতে পড়ে নিহত হয়েছে শিশু মীম (৯) বাড়িতে চলছে এখন শোকের মাতম। গতকাল মঙ্গলবার ঘটনাস্থল থেকে ৫শ’ গজ দূরে কোস্টগার্ড জেটির পাশে শিশুটির লাশ ভেসে উঠলে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করে। পরে থানায় প্রয়োজনীয় কাজ শেষে শিশুটির লাশ বাড়িতে আনা হয়। রাজবাড়ীতে কিশোরীর লাশ সোমবার রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর মাঠের একটি বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর (১৭) লাশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, কিশোরীকে শ্বাসরোধে হত্যার পর ভবানীপুর মাঠের পাশে থাকা খোলা একটি বাগানের মধ্যে লাশ ফেলে রেখে পালিয়েছে। পাংশায় দুই ছাত্রীর লাশ উদ্ধার রাজবাড়ীর পাংশার পদ্মা নদী থেকে গতকাল মঙ্গলবার দুইজন স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার পাংশা উপজেলা সাদারচরের কালামের মেয়ে ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্বপ্না (১৩) এবং খালেদের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সাহানা বাড়ীর পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা ডুবে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের অনেক খুঁজেও পায়নি। মঙ্গলবার দুই ছাত্রীর লাশ মাঝ নদীর একটি চরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। ভাঙ্গায় যুবকের লাশ ফরিদপুর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা বিলের মধ্যে থেকে গত সোমবার হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতর স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। কালকিনিতে যুবতীর লাশ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার দক্ষিণ খিলগ্রামের কালাম মোল্লার মেয়ে বিথী খানম (২০) নামের স্বামী পরিত্যক্তা একযুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তার লাশটি উদ্ধার করে মায়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ। ইটনায় লাশ উদ্ধার কিশোরগঞ্জের ইটনা থানার পুলিশ ইটনা সদরের জেটিঘাট সংলগ্ন ধনু নদীতে নোঙর করা বালুবহনকারী কার্গো থেকে কার্গোর কর্মচারী মজিবুরের (৪২) লাশ সোমবার রাতে উদ্ধার করেছে। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মকরাইল গ্রামে। তার মাথায় ও কপালে অস্ত্রাঘাতের চিহ্ন ছিল। কার্গোটি বালু আনতে ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। ইটনা থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এ ঘটনায় জড়িত সন্দেহে কার্গোর কর্মচারী শহীদুল ইসলামকে (৪৮) আটক করা হয়েছে। শৈলকুপায় নিহত ১ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চতুরিয়া গ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে আইয়ুব আলি (৫০) নামে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটনা ঘটে। তার পিতার নাম মাহাতাব মণ্ডল।