সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২১:২৯
হোমনা খাদিজা মেমোরিয়াল স্কুলের পুরস্কার বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ইউএনও এএসএম শাহেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম ও শেফালী বেগম। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজ সেবক মোর্শেদ আনোয়ার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. ছানাউল্লাহ সরকার ও আতাউল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মফিজুল ইসলাম শরীফ প্রমুখ।
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার শহরের বিভিন্ন হোটেল বেকারীতে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী দাশ এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, সুমা ফুড ৫ হাজার, বিবাড়ীয়া বেকারী ১ হাজার, রাজমহল সুইটস্ এন্ড ফায়ারফুড ৫ হাজার টাকা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা আজহারুল ইসলাম মুন্সী।
ছাতকে শিক্ষিকাকে উত্ত্যক্তে প্রধান শিক্ষকের কারাদণ্ড
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলীকে ৪ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা সিদ্দিকাকে উত্ত্যক্ত করার অপরাধে প্রধান শিক্ষক মারফত আলীকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না বিদ্যালয়ের শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা ও জরিমানা প্রদান করেছেন।
গাজীপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো: আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম, পুলিশ সুপার মো:আব্দুল বাতেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংবাদিক মুকুল কুমার মল্লিক প্রমুখ।
হবিগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে চৌধুরী আশরাফুল বারী নোমান সভাপতি ও মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন আবুল ফজল। বাকি ১১ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমিতির ভবনে গত রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪৯৪ জন ভোটারের মধ্যে ৪৫০ জন ভোট দেন। উল্লেখ্য, ৩টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দক্ষিণ সুরমায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
দক্ষিণ সুরমা (সিলেট) সংবাদদাতা \ সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কৃষকরা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি গতকাল সোমবার সার, বীজ ও ২শ’ ১৫ জন মহিলাদের মধ্যে মাতৃত্বকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা মত্স্য কর্মকর্তা দ্বিররাজ বর্মণের উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সিলেট বীজ সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র ঘোষ, দক্ষিণ সুরমা উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আবু জাহিদ, জেলা শস্য উত্পাদন বিশেষজ্ঞ কর্মকর্তা আবু নাসির, উপজেলা আ’লীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, আ’লীগ নেতা শাহ ছমির উদ্দিন প্রমুখ।
গৌরনদীতে দুঃস্থদের জন্য পান্তা ইলিশ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ পহেলা বৈশাখের প্রভাতে গত সোমবার বরিশালের গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ বাসস্ট্যান্ডে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের জন্য ব্যতিক্রমধর্মী পান্তা ইলিশের আয়োজন করে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন ৯নং (কাছেমাবাদ-হরিসেনা) ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা। আয়োজক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জানান, বাসস্ট্যান্ডস্থ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রভাতের শুরু থেকে প্রায় দু’ঘণ্টাব্যাপী পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের জন্য পান্তা ইলিশের আয়োজন করা হয়। এখানে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, স্থানীয় পৌর কাউন্সিলর নূরে আলম বাবুল খান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলমাকান্দায় প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময়
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে “মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আমাদের করণীয়”-শীর্ষক মতবিনিময় সভা সংগঠনের সভাপতি প্রবীর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজ ও ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা, আনোয়ার হোসেন আজাদ প্রমুখ।
মেহেরপুর জামায়াতের সেক্রেটারিসহ ৪ কর্মী আটক
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ৪জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খান জাহান আলী (৩৭), মানিকনগর গ্রামের জামায়াত কর্মী সাইদুর ইসলাম (২০), বাগুয়ান গ্রামের আকিদুল (২৮) ও শিবপুর গ্রামের মিজান (৩৫)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, হরতাল- অবরোধের সময় পুলিশের উপর হামলার আসামিদের ধরতে মুজিবনগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় তাদের বিভিন্ন গ্রাম থেকে আটক করা হয়।
বাঘায় আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
বাঘা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাঘায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সার-বীজ প্রদানের মধ্য দিয়ে “আউশ প্রণোদনা’’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান খান, বাঘা থানা কৃষকলীগের সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম, থানা যুবলীগের সভাপতি শিক্ষক বাবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
চাটমোহরে ফয়েজ পাগলা বাউল (র.) এর স্মরণসভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ গত রবিবার ও সোমবার চাটমোহর পৌরসভার পৌর ভূমি অফিসের পেছনে অনুষ্ঠিত হয় সাধক ফয়েজ পাগল (রঃ)-এর স্মরণ সভা ও দোয়া মাহফিল। দু’দিনব্যাপী অনুষ্ঠানে ছিল স্মরণ সভা, দোয়া মাহফিল ও পালা গান। পালা গান পরিবেশন করবেন সাইজুদ্দিন ও বাউল রোস্তম দেওয়ান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক পৌর মেয়র অধ্যাপক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোঃ শামসুজ্জোহা প্রমুখ। সভাপতিত্ব করেন ওসমান গুরু। পরিচালনা করেন রবিন সরকার।
সলঙ্গা থানার ছিনতাই হওয়া রিভলভার উদ্ধার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের ছিনতাই হওয়া সার্ভিস রিভালভারটি উদ্ধার করা হয়েছে। থানার অফিসার-ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ছিনতাইয়ের ২২ ঘন্টা পর সোমবার রাতে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের একটি ধান ক্ষেতের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ঐ স্থানে রিভলবারটি ফেলে রেখে গেছে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। উল্লেখ্য, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রাত্রিকালীন ডিউটি শেষে থানায় ফেরার পথে স্বশস্ত্র ছিনতাইকারীরা তাকে ঘেরাও করে ব্যাপক মারধর করে এবং তার সার্ভিস রিভলবারটি ছিনিয়ে নিয়ে যায়।
গলাচিপা প্রেসক্লাবের কমিটি গঠন
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপা প্রেসক্লাবের ২০১৪-১৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার রাতে মশিউর রহমান বাবুলের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমিত কুমার দত্ত মলয় (ইত্তেফাক), সম্পাদক মুশফিকুর রহমান (সংবাদ) সহ-সভাপতি খালিদ হোসেন মিলটন (খবরপত্র), জাকির হোসেন দিনকাল), যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ (নয়াদিগন্ত), মুনতাসীর মামুন (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান (আমাদের অর্থনীতি), কোষাধ্যক্ষ রিয়াদ হোসাইন (মতবাদ) সদস্য শংকর লাল দাশ (জনকণ্ঠ), মশিউর রহমান বাবুল (যুগান্তর), সোহাগ রহমান (মানব জমিন)।