বিনা টোকেনে খাবার দিতে অস্বীকার

রাবি শিক্ষককে ছাত্রলীগ নেতার হত্যার হুমকির অভিযোগ

বিনা টোকেনে খাবার না দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা নিজের বিভাগের শিক্ষককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাহাজুল আমিন হূদয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। বিষয়টি খতিয়ে দেখতে বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগ সূত্রে জানা যায়, বর্ষবরণের অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের একটি কক্ষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করছিলেন শিক্ষক শামীম হোসেন। এ সময় বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা রাহাজুল অন্য বিভাগের ১২/১৫ শিক্ষার্থীদের নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে টোকেন ছাড়াই তাদের খাবার দিতে বলেন। শিক্ষক শামীম টোকেন ছাড়া খাবার দিতে রাজি না হলে তাকে গালিগালাজ করেন ওই ছাত্রলীগ নেতা। খাবার না পেয়ে রাহাজুল বিভাগের চেয়ারম্যানের কাছে শিক্ষক শামীমের বিরুদ্ধে অভিযোগও করেন। শিক্ষক শামীম হোসেন জানান, সোমবার বিকেল তিনটার দিকে তার মুঠোফোনে ০১৭৭৪-০৬৯৯২৬ নম্বর থেকে একটি কল আসে। বলা হয়, “আপনি হূদয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আপনাকে দেখে নেয়া হবে। আপনার লাশ পড়বে।” অন্যদিকে ছাত্রলীগ নেতা রাহাজুল আমিন ফোন করে শিক্ষককে হুমকি দেয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম জানান, ঘটনা তদন্তে বিভাগের সভাপতিকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ঘটনাটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করবো। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বলেন, যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তবে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।