আনন ফাউন্ডেশনের আজীবন সম্মাননা ও পুরস্কার প্রদান

আনন ফাউন্ডেশন কর্তৃক আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা এবং আনন শিশু সাহিত্য পুরস্কার-২০১৪ ঘোষণা করা হয়েছে। আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বিশিষ্ট শিশু সংগঠক ও ছড়াকার মোহাম্মদ মোস্তফা। সম্মাননা হিসেবে তিনি পাবেন ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং সম্মানী হিসেবে আজীবন প্রতি মাসে পাঁচ হাজার টাকা। আনন শিশু সাহিত্য পুরস্কার-২০১৪ পেতে যাচ্ছেন শিশু সাহিত্যিক মাহমুদউল্লাহ। পুরস্কারের মূল্যমান হিসেবে তিনি এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র পাবেন। আগামী ১২ মে আনন ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হবে। ছড়াকার মোহাম্মদ মোস্তফা ফেনী জেলার চান্দলা গ্রামে ১৯৩৬ সালের ৩০ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি মুকুল ফৌজ, খেলাঘর, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ছাড়াও অনেক শিশু সংগঠনের সংগে সম্পৃক্ত ছিলেন ও আছেন। তাঁর প্রকাশিত দুটি বই ‘পদ্মদীঘি জল টলমল’ ও ‘ছোট্ট পাখী চন্দনা’ প্রশংসিত হয়েছে। শিশু সাহিত্যিক মাহমুদউল্লাহ বরিশাল জেলার বদরপুর গ্রামে ১৯৪৪ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন। রচিত শিশু-কিশোর বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য: ছানাবড়া, তোলপাড়, চড়ুইভাতি, তিতকুটে, নিরালা দুপুর, মায়াবী জাহাজ, ঝিলিকমিলিক, ছয় ঋতুর আলপনা, মজার ছড়া, ঘুঙুর, রঙিন ঘুড়ি, ভোরের পাখিরা ডাকে, গাবডালে আবডালে, মেঠোপথ, মিছিল, চিতু ও পাতু, ক্ষুদে নাগরিক, ডাইনি, দুই কবি, বেতাল বুড়োর কবলে।-প্রেস বিজ্ঞপ্তি