রংপুরে বর্ষবরণ বর্জন করলেন সিটি মেয়র শরফুদ্দিন ঝন্টু
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২২:৫৯
অব্যবস্থাপনা ও যথাযথ সম্মান না দেখানোর অভিযোগে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বর্জন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
পহেলা বৈশাখে রংপুর জিলা স্কুলের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মাঝে অতিথিরা বক্তব্য রাখছিলেন। প্রটোকল অনুযায়ী অনুষ্ঠানের সভাপতির আগে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বক্তব্য দেয়ার কথা থাকলেও রংপুর বিভাগীয় কমিশনার দেলোয়ার বখতের আগে বক্তব্য দেয়ার জন্য মেয়রের নাম মাইকে ঘোষণা করা হয়। যথাযথ সম্মান না দেখানোর অভিযোগে মেয়র বক্তব্য দিতে অপারাগতা প্রকাশ করেন। বেলুন উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেও পরে বর্ষবরণে র্যালিতে অংশগ্রহণ না করে মেয়র ঝন্টু জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। এ ব্যাপারে ঝন্টু বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমাকে অসম্মান করা মানে রংপুরের মানুষকে অসম্মান করা। আমি প্রশাসনের আমন্ত্রণে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে এসেছি। কিন্তু আমাকে তারা যথাযথ সম্মান দেখায়নি এবং যথাযথ জায়গায় বসার ব্যবস্থা পর্যন্ত করেনি। তাই জেলা প্রশাসনের পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান বর্জন করলাম।