মুসলিম অধ্যুষিত ৭৫ আসন নিয়ে চিন্তিত বিজেপি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০০
মুসলিম সমর্থন কমায় ভারতের মুসলিম অধ্যুষিত ৭৫টি আসন নিয়ে চিন্তিত বিজেপি। মূলত সাতটি রাজ্যের ৭৫টি আসনে মুসলিম ভোটারদের ওপর নির্ভর করে প্রার্থীদের জয়-পরাজয়।
রাজ্যগুলো হলো: পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, রাজস্থান এবং কেরালা। পশ্চিমবঙ্গ ও কেরালায় বিজেপি আসন না পেলেও অন্য পাঁচ রাজ্যে বেশ কিছু আসন পায়। কিন্তু ২০০৯ সালের লোকসভা এবং সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের ফল বলছে ভারত জুড়ে বিজেপির মুসলিম ভোটের সমর্থন কমছে।
অটল বিহারী বাজপেয়ীর জমানায় ১৯৯৮ সাল থেকে বিজেপির পক্ষে মুসলমানদের সমর্থন বেড়েছিল ।
ভারতের নির্বাচন কমিশন সূত্রে খবর, বাবরি মসজিদ কান্ডের পর ১৯৯৬ সালে মাত্র ২ শতাংশ মুসলিম ভোট পেয়েছিল বিজেপি। ১৯৯৮ সালে বাজপেয়ী ১৩ দিনের প্রধানমন্ত্রী হওয়ার পর তা বেড়ে ৫ শতাংশ হয়েছিল। ১৯৯৯ সালে বাজপেয়ীর নেতৃত্বে অন্তর্বর্তী নির্বাচনে বিজেপি ৬ শতাংশ মুসলিম ভোট পায়। ২০০৪ সালে তা বেড়ে ৭ শতাংশ হয়। কিন্তু ২০০৯ সালে লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে লড়ে বিজেপি মাত্র ৪ শতাংশ মুসলিম ভোট পায়। যেখানে জাতীয় কংগ্রেস পেয়েছিল ৩৮ শতাংশ মুসলিম ভোট। এবার বিজেপির লড়াই নরেন্দ্র মোদির নেতৃত্বে। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গোধরা কান্ডে মুসলিম নিধনের। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১০টি আসনের জয়-পরাজয় নির্ভর করে মুসলিম ভোটের ওপর। পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার রয়েছে ২৮ শতাংশ। আসামে ১২ আসনের মধ্যে ১০ আসনে মুসলিম ভোটে ফলাফলে পার্থক্য হয়। এখানে জনসংখ্যার ৩৫ শতাংশ মুসলিম। বিহারে সাড়ে ১৬ শতাংশ মুসলিম ভোট। ৯ আসনে ফল নির্ভর করে মুসলিম ভোটে। এছাড়া কেরালা ৬, রাজস্থানে ৯ এবং মহারাষ্ট্রে ৯ আসনে পার্থক্য গড়েন মুসলিম ভোটাররা। সমস্যা আরো প্রবল উত্তরপ্রদেশে। সেখানে ৮০টির মধ্যে ২২ আসনে ফলাফলে পার্থক্য হয় মুসলিম ভোটে। এখানে সাড়ে ১৮ শতাংশ মুসলিম ভোট। আর বিজেপি উত্তর প্রদেশে পায় ১৭ শতাংশ ভোট। তাই মুসলিম ভোট হারানোর ভয়ে কোনো রাজনৈতিক দলই এখানে বিজেপির সঙ্গী হতে চায় নি। বিহারে বিজেপির হাত ছেড়েছে জনতা দল।
বিজেপির অন্দরমহলের খবর, লোকসভা নির্বাচনে মোদিই বিজেপির মুখ, এটা ঘোষণার পর দিল্লিসহ রাজস্থানে মুসলিম ভোট কমেছে বিজেপির। তাই এবার লোকসভা নির্বাচনের ইস্তেহারে ফের তুলে আনা হয়েছে রাম মন্দিরের ইস্যু। হিন্দুত্ব ইস্যুতে ভর করে মোদী রথে সওয়ার হয়েছে বিজেপি