বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ
গাইবান্ধা প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে শহরের সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬১ রাউন্ড শটগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার নবনির্বাচিত গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নিকট ক্ষমতা হস্তান্তর উপলক্ষে সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত এবং ঐ দলগুলোর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। বেলা সাড়ে এগারোটায় ক্ষমতা হস্তান্তর করা হয়। পৌনে ১২ টার দিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে মিছিল বের করে। এসময় ঐ মিছিলে জামায়াত ও শিবির নেতা-কর্মীরা ঢিল ছুঁড়ে মারে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিএনপি-জামায়াত ও শিবির নেতা-কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের উপরও জামায়াত-শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল ছুঁড়ে মারে। দেড় ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়।
প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক কবির আহম্মেদ ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী নূরুন্নবী প্রধান নির্বাচিত হন।