টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচন
স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ আজ
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৪, ২৩:০১
টাঙ্গাইল-৮ আসনের (সখীপুর-বাসাইল) উপ-নির্বাচনে স্থগিত হওয়া ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হবে।
গত ২৯ মার্চ নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার। ওই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৭০১ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীক নিয়ে ৭৩ হাজার ৫৬৫ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মালেক মিঞা হরিণ প্রতীক নিয়ে ৭১ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্রটি ছাড়া অনুপম শাহজাহান জয়, আবদুল মালেক মিঞার চেয়ে ২ হাজার ২৩৬ ভোটে এগিয়ে রয়েছেন।
এ ব্যাপারে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার বলেন, স্থগিত হওয়া ওই কেন্দ্রের ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লে¬খ্য, গত ২০ জানুয়ারি এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন আজ
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা নির্বাচন আজ বুধবার। নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে। ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে। গত ৩১ মার্চ নির্বাচন স্থগিত হয় এই উপজেলায়।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম আযম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে যে দলেরই হোক না কেন তাকে কঠোর হাতে দমন করা হবে।