ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড

তারকাদের জমকালো অনুষ্ঠান

দেশের প্রধান জাতীয় সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়ার বিনোদন বিভাগীয় সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হলো ১৪তম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেইমে কানায় কানায় পূর্ণ দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেএফবির প্রধান পৃষ্ঠোপোষক গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, পাওয়ার্ড বাই ইত্তেফাক হোল্ডিংস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং স্টাইল পার্টনার আল-হাসান ডায়মন্ড গ্যালারির চেয়ারম্যান মো. খবির উদ্দীন। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ভাসাভী ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান। সভাপতিত্ব করেন সিজেএফবির সভাপতি সাংবাদিক এনাম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিজেএফবির উপদেষ্টা অনুরূপ আইচ এবং এম এস রানা। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব তামিম হাসান। সিজেএফবি বাংলাদেশের পারফর্মিং মিডিয়ায় বিশেষ অবদানের জন্য দেশ সেরা শিল্পী তারকাদের মাঝে পুরস্কার বিতরণ করে আসছে বিগত ১৩ বছর যাবত। এবার সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়া থেকে চলতি আসরে ৩টি করে মনোনয়ন পেয়েছেন মোট ৪৫ জন। এবার আজীবন সম্মাননা পেলেন টেলিভিশন মিডিয়ার অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। একটি ক্রেস্ট সার্টিফিকেটসহ আজীবন সম্মাননা পুরস্কারের সঙ্গে এবার প্রদান করা হয় ৫০ হাজার টাকা। ইউরো-সিজেএফবি বিশেষ সম্মাননা পেয়েছেন সাংবাদিকতায় গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, মিডিয়ায় ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং পপ সংগীতে বিশেষ অবদানের জন্য ফেরদৌস ওয়াহিদ। সংগীত বিভাগে বছর সেরা গায়কের পুরস্কার পেলেন হাবিব ওয়াহিদ, সেরা গায়িকা ন্যান্সি, সেরা সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, সেরা গীতিকার জাহিদ আকবর। চলচ্চিত্র বিভাগে ‘মোস্ট ওয়েলকাম’ ছবিতে অভিনয়ের জন্য বছর সেরা নায়কের পুরস্কার পেয়েছেন অনন্ত জলিল, একই ছবিতে অভিনয়ের জন্য সেরা নায়িকার পুরস্কার লাভ করেছেন বর্ষা, সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘মোস্ট ওয়েলকাম’ এবং ‘চোরাবালি’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রেদোয়ান রনি। টেলিভিশন বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সজল, সেরা অভিনেত্রী নওশীন নাহরীন, সেরা নাট্যকার জাকারিয়া সৌখিন, সেরা পরিচালক চয়নিকা চৌধুরী (খণ্ড) ও সেরা ধারাবাহিক নাটকের জন্য মাসুদ সেজান, সেরা পপুলার আর্টিস্ট অব টেলিভিশনের পুরস্কার পেয়েছেন ফারিয়া, সেরা মডেল যৌথভাবে শখ এবং মেহজাবিন, সেরা বিজ্ঞাপন চিত্র ইউরোকোলা। অনুষ্ঠানে উদ্বোধনী পারফর্মেন্স করেন অনন্ত এবং বর্ষা, সংগীত পরিবেশন করেন জনপ্রিয় অভিনেত্রী তারিন, সংগীতশিল্পী হাবিব, ন্যান্সি, বালাম, বেলাল খান, সুহানা দিওয়ান, সালমা এবং নৃত্যসহ বিভিন্ন কোরিওগ্রাফিতে অংশ নেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শখ, মেহজাবিন, ঈশানা, মিম, মৌসুমী হামিদ, স্পর্শিয়া প্রমুখ। বর্ণাঢ্য এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদুন নূর সজল, রোমানা, ফারিয়া শাহরিন, নূসরাত ফারিয়া, আমব্রিন এবং বাঁধন।